Jubayer Mumin

Sunday, 14 April 2013

সময়ের ঋণ

সময়ের ঘোড়া ছুটে চলে দ্রুত
আমি রই পড়ে পিছু,
জীবনের কাছে ঋণী হয়ে থাকি
অর্জন নাই কোন কিছু।
কবে জানি সময় থমকে দাঁড়ায়
ডেকে বলে, ওরে নির্বোধ,
অনেক হয়েছে আর নয় তবে
জীবনের ঋণ করো শোধ...


(০২ জুন ২০১২)

এক্সপেরিয়া

এখন খুব আলতো স্পর্শেই তুমি জেগে উঠবে,
তোমার সাড়া পেতে খুঁচিয়ে আর কষ্ট দিতে হবে না।
একটি ভুল সময়ে অসভ্য এক জিগিসা,
আর একটি ভুল বাসনা, আরো কিছু ভুল।
অবশেষে আমি তোমায় পেলাম।

এখন খুব সামান্য ছোঁয়াতেই সাড়া দিবে তুমি,
আঙ্গুলের ছোঁয়ায় তোমার মুখের রঙ পাল্টে যাবে।
তোমার সামনের আর পিছনের চোখ,
তোমার দ্রুতগতির মস্তিষ্ক,
কৃষ্ণবর্ণের তোমার দেহ।
এ সবই আমায় টেনেছিল।

কালো কুচকুচে একটি দেহাবরণী নিয়েছি তোমার জন্য,
পাছে নষ্টেরা অথবা আবর্জনা হানা দেয় তোমার শরীরে।
সেথায় তুমি থাকবে সুরক্ষিত আর নিরাপদ।

একটি নাম দিব ভেবেছি তোমায়।
নাহ, তোমার এক্সপেরিয়া নামই সুন্দর।


(২৩ জুন ২০১২)

আপনারে আমি খুঁজিয়া বেড়াই

সুদীর্ঘ পথ দিতে হবে পাড়ি
সব পিছুডাক সব মায়া ছাড়ি,
সব পিছুটান পিছে ফেলে চলি,
ধীরে চল ওগো, সময়কে বলি।

আপনাকে হারিয়ে আপনার মাঝে,
বিলুপ্ত আমিকে খুজে ফিরি সাঁঝে।
ফিরে ফিরে চাই অতীতের পানে,
আপনারে খুঁজি অপরের গানে।

তবু ছুটে চলি অসীমের দিকে,
অধরাকে নিব আপনার বুকে,
ছুঁতে হবে নীল, পণ করি রোজ,
অবিরাম চলি, কবে পাই খোঁজ...


(২২ জুন ২০১২)

অথবা কেবলি সময়ের প্রয়োজনে


দেখা হবে বন্ধু,
কারণে অকারণে
অথবা কেবলি সময়ের প্রয়োজনে।

দেখা হবে বন্ধু,
শল্যের থিয়েটারে
হয়ত টেবিলের এপারে ওপারে।

দেখা হবে বন্ধু,
সময়ে অসময়ে
হয়ত কেবলি লেনা-দেনার দায়ে।

দেখা হবে বন্ধু,
বিষাদে অবসাদে
হয়ত হারানো বেদনা ফেরার আনন্দে।

দেখা হবে বন্ধু,
জয়ে পরাজয়ে
হয়ত কোন এক কালের অবক্ষয়ে।

দেখা হবে বন্ধু,
সকালে সাঝেতে
হয়ত নিয়ত চলার পথেতে।

দেখা হবে বন্ধু,
গ্রীষ্মের দুপুরে
হয়ত কেবলি জীবিকার তরে।

দেখা হবে বন্ধু,
ফাগুনের আহ্বানে
হয়ত সমুদ্রপাড়ে জ্যোৎস্না-স্নানে।

দেখা হবে বন্ধু,
কারণে অকারণে
অথবা কেবলি সময়ের প্রয়োজনে।

(১৭ মার্চ ২০১২)

এবং অপেক্ষা


অস্থিরতা কিছুতেই শান্তি দিতে পারেনি,
কিছুটা প্রবোধ দিয়েছিল বটে,
তবুও পূর্ণতা সেথায় ছিল বিজিত।
সুখের পিছনে ছুটে ছুটে দু'পা যেদিন ধরে এসেছিল,
সেদিনও ছিলাম অপেক্ষায় এক চিলতে মিষ্টি তীব্র রোদের
যার তেজে ক্ষয়িষ্ণু পা দুটো আবার সজীব হয়ে উঠবে।
সেই অপূর্ণ স্বান্তনা আমায় ভালবেসে ফেলেছিল,
স্বান্তনার সে ভালবাসার অমর্যাদা করিনি আমি,
আজো অপেক্ষায় আছি,
শীতের তীব্রতা ঘামঝরা গ্রীষ্মের স্থান নিবে তা নয়,
কাকফাঁটা উষ্ণতা হাড়কাঁপা শীতলতার প্রতিযোগী হবে তাও নয়,
বরং গ্রীষ্মের শেষে কবে শরত্‍
আর শীতকে ছাপিয়ে কবে বসন্তের ফুল ফুটবে সকলের হৃদয়ে,
কবে সুখের প্রজাপতি এসে বসবে আমার স্থির কাঁধে...

জানুয়ারি ৩০, ২০১২

বিলাসিতা অথবা সুখ


বিলাসিতা বলল আমায়, ওগো,
তুমি নাকি সদাই সুখে থাকো?
আমি বলি, সন্দেহ কি তায়?
আবারো বলে, ভান করোনাগো,
কেমনে হবে আমি যেথায় নাই?

বিলাসিতা, যখন আমার ছিলে,
দুখ লুকাতে কেবল ঘোমটা ফেলে,
মনের দুঃখ মনেই যেত রয়ে,
মিটাতে না দুখতো মোটেই কিছ,
তোমার পিছেই ছুটেছি বেহুশ হয়ে।

এখন আমি সদাই থাকি সুখে,
মনের হাসিই ফুটে ওঠে মুখে,
সুখ আর দুখ আছে, আছে কিছু কষ্টও,
তবুও আমি সুখী কেন জানো?
মোর যা আছে তাতেই আমি তুষ্ট...

(১৩ জানুয়ারি ২০১২)

তার ছেঁড়া কবিতা-০৩/ মহীয়সীর ভালবাসা


আমিতো ভালবাসতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
শীতল কণ্ঠের গানে কর্ণ শীতল না করুক,
অন্তত মুখ পানে চেয়ে তার কাটিয়ে দিতে পারব অনন্তকাল।

আমিতো ভালবাসা চেয়েছিলাম একজন সাধারণ কারো,
শত মানুষ আমাদের ভালবাসা দেখতে অপেক্ষা না করুক,
অন্তত অপেক্ষা সে করবে আমার ফেরার পথ চেয়ে।

আমিতো পেতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
প্রত্যহ নানান স্বাদের রান্না করে না খাওয়াক,
অন্তত পরম মমতায় শুকনো মরিচে আলুভর্তা করে দেবে।

আমিতো কাছে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
দিন দিন নতুন পানীয়ে আমায় চমকে না দিক,
অন্তত অফিসফেরত আমাকে একগ্লাস ঠাণ্ডা জল এনে দিবে।

আমিতো ছুঁতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
প্রতিদিন সকাল বিকাল ইনসুলিন দিয়ে না দিক,
অন্তত শাসন করে বলবে, ডায়েবেটিস! আর মিষ্টি খেয়ো না।

আমিতো ছোঁয়া চেয়েছিলাম একজন সাধারণ কারো,
নিয়ত নতুন কবিতায় আমায় মুগ্ধ না করুক,
অন্তত আমি তোমায় ভালবাসি প্রাচীন চরণটি শোনাবে বারংবার।

পুনশ্চঃ চেয়েছিলাম সাধারণ কাউকে,
পেয়েছি একজন মহীয়সীকে,
দয়ার সাগর সমাজসেবীকে হাজারো আর্তের দুখ ঘোচাতে হয়।

তার কিন্নর কণ্ঠের গানে মাতোয়ারা হয় হাজার শ্রোতা,
হৃদয়ছোঁয়া সব কবিতায় শত প্রেমিকের প্রেম উথলে ওঠে,
চিকন কটির নৃত্যে নেচে ওঠে হাজারো দর্শকমন,
অপেক্ষা করে শত ভক্ত একটি অটোগ্রাফের জন্য।
তাকে মনোরঞ্জন করতে হয় হাজারো ভক্তের,
আমার মত ক্ষুদ্র ভালবাসার কাঙালকে দেবার সময় কোথায় তার?

১৮ মার্চ ২০১২, ০২০০, ফমেক।