আমিতো ভালবাসতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
শীতল কণ্ঠের গানে কর্ণ শীতল না করুক,
অন্তত মুখ পানে চেয়ে তার কাটিয়ে দিতে পারব অনন্তকাল।
আমিতো ভালবাসা চেয়েছিলাম একজন সাধারণ কারো,
শত মানুষ আমাদের ভালবাসা দেখতে অপেক্ষা না করুক,
অন্তত অপেক্ষা সে করবে আমার ফেরার পথ চেয়ে।
আমিতো পেতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
প্রত্যহ নানান স্বাদের রান্না করে না খাওয়াক,
অন্তত পরম মমতায় শুকনো মরিচে আলুভর্তা করে দেবে।
আমিতো কাছে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
দিন দিন নতুন পানীয়ে আমায় চমকে না দিক,
অন্তত অফিসফেরত আমাকে একগ্লাস ঠাণ্ডা জল এনে দিবে।
আমিতো ছুঁতে চেয়েছিলাম একজন সাধারণ কাউকে,
প্রতিদিন সকাল বিকাল ইনসুলিন দিয়ে না দিক,
অন্তত শাসন করে বলবে, ডায়েবেটিস! আর মিষ্টি খেয়ো না।
আমিতো ছোঁয়া চেয়েছিলাম একজন সাধারণ কারো,
নিয়ত নতুন কবিতায় আমায় মুগ্ধ না করুক,
অন্তত আমি তোমায় ভালবাসি প্রাচীন চরণটি শোনাবে বারংবার।
পুনশ্চঃ চেয়েছিলাম সাধারণ কাউকে,
পেয়েছি একজন মহীয়সীকে,
দয়ার সাগর সমাজসেবীকে হাজারো আর্তের দুখ ঘোচাতে হয়।
তার কিন্নর কণ্ঠের গানে মাতোয়ারা হয় হাজার শ্রোতা,
হৃদয়ছোঁয়া সব কবিতায় শত প্রেমিকের প্রেম উথলে ওঠে,
চিকন কটির নৃত্যে নেচে ওঠে হাজারো দর্শকমন,
অপেক্ষা করে শত ভক্ত একটি অটোগ্রাফের জন্য।
তাকে মনোরঞ্জন করতে হয় হাজারো ভক্তের,
আমার মত ক্ষুদ্র ভালবাসার কাঙালকে দেবার সময় কোথায় তার?
১৮ মার্চ ২০১২, ০২০০, ফমেক।
0 comments:
Post a Comment